দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমা ও ওটিটিতে একের পর এক সাফল্যের পর এবার নতুন পরিচয়ে সামনে এলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই একটি বেসরকারি ব্যাংকে চাকরি শুরু করেছেন তিনি। তবে নতুন পেশায় যোগ দিলেও অভিনয় ছাড়ছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
বুধবার (১৯ আগস্ট) তমা নিজেই খবরটি সামনে আনলেন। একটি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন বলে জানান তিনি। এ খবরে ভক্তদের মনে প্রশ্ন ওঠে, তাহলে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন তমা?
তবে সেই সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছেন তিনি। তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’
নতুন চাকরি প্রসঙ্গে তমার ভাষ্য, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’
এই বার্তার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তমা। সেটি ওই ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে ধারণ করা। পোস্টের নিচে তাকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান, নির্মাতা শিহাব শাহীনসহ অনেক তারকাও তাকে বাহবা দিয়েছেন।
তমা জানান, এই চাকরির জন্য অভিনয় থেকে দূরে সরার প্রয়োজন পড়বে না। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের ব্যাপারে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। তাই দুই ভুবনের কাজই সমানতালে চালিয়ে নেবেন তমা।
তমাকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের সিনেমাটি হয়েছিল সুপারহিট। শোনা যাচ্ছে, এবার তিনি ভিকি জাহেদের নির্মাণে একটি সিনেমা করবেন। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
/অ